ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : পেশাদার ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক বাবা অপরাজিত। মাত্র ৩২ বছর বয়সেই ১৫ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে ইতি টানলেন এই অলরাউন্ডার। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে অবসরের কথা জানিয়ে তিনি লিখেছেন, ২০২৬ সালের ২৪ জানুয়ারি খেলেছেন নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ। আর সেই ম্যাচ দিয়েই শেষ হয়ে গেল একটা অধ্যায়, যেখানে ছিল লড়াই, স্বপ্ন, ট্রফি জয়ের আনন্দ আর না পাওয়ার আক্ষেপ।
তামিলনাড়ুর ক্রিকেটের সঙ্গে অপরাজিতের নাম অবিচ্ছেদ্য। দীর্ঘ দিন রাজ্যের হয়ে খেলার পর ২০২৪-২৫ মরশুমে কেরালায় পেশাদার খেলোয়াড় হিসেবে যোগ দেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০২টি ম্যাচ খেলেছেন। সব ফরম্যাটে তাঁর ঝুলিতে ২০টি সেঞ্চুরি। ব্যাটে তিনি কতটা নির্ভরযোগ্য ছিলেন, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। ব্যাটের পাশাপাশি অফ-স্পিনে বহুবার দলকে সাফল্যও এনে দিয়েছেন।
তামিলনাড়ুর হয়ে তিন-তিনটি ঘরোয়া ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন অপরাজিত। ২০১৭-১৮ মরশুমে দল জেতে বিজয় হাজারে ট্রফি। এরপর ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমে পরপর দু’বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি ঘরে তোলে তামিলনাড়ু। ড্রেসিংরুমের এক অন্যতম স্তম্ভ হিসেবে সেই সাফল্যের সাক্ষী ছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অবদান মনে রাখবেন। শিরোপা জয়ে তাঁর ভূমিকা ছিল অপরিহার্য। টুর্নামেন্টে ১৭১ রান ও অফ-স্পিনে পাঁচ উইকেট নেন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ও সেমিফাইনালে ম্যাচসেরা হন। বড় ম্যাচে জ্বলে ওঠার এই ক্ষমতাই তাঁকে আলাদা পরিচিতি দেয়।
তবে এরপর পথ সহজ ছিল না। ২০১৫ সালে ভারত ‘এ’ দলে ডাক পেলেও নিয়মিত জায়গা ধরে রাখতে পারেননি। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেললেও মাঠে যথেষ্ট সুযোগ মেলেনি। প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় দলের দরজা আর খোলেনি। তবু ঘরোয়া ক্রিকেটে তিনি বছরের পর বছর নীরবে নিজের কাজ চালিয়ে গেছেন।









