ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: বাংলাদেশে চলতে থাকা অশান্তির আবহে সতর্কতা বাড়াল বসিরহাটের পুলিশ ও প্রশাসন। ভারতের অভ্যন্তরে যাতে কোনও নাশকতামূলক ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে ঘোজাডাঙা ও হাকিমপুর-সহ ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় শুরু হয়েছে কড়া নাকা তল্লাশি।
সীমান্তের গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোতায়েন থাকছে। ঘোজাডাঙা বর্ডার রোড, হাকিমপুর মোড় এবং বসিরহাট-হিঙ্গলগঞ্জ রোড-সহ একাধিক পয়েন্টে অটো, টোটো, বাইক ও অন্যান্য যাত্রীবাহী গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের পরিচয়পত্র দেখা হচ্ছে, গাড়ির ভিতরে থাকা সামগ্রী এবং ডিকিও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। বাইক আরোহীদের হেলমেট খুলিয়ে পরিচয় যাচাই করা হচ্ছে। সন্দেহজনক কিছু নজরে এলে অতিরিক্ত তল্লাশি চলছে। যানবাহনের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, বাংলাদেশে অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে কোনও দুষ্কৃতী বা সন্দেহভাজন ব্যক্তি ভারতে ঢুকে নাশকতামূলক কাজ করতে না পারে, তা নিশ্চিত করতে নজরদারি চলছে। কোনও গাড়িকে তল্লাশি ছাড়া যেতে না দেওয়ার নির্দেশ রয়েছে বলেও জানিয়েছেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁদের দাবি, মানুষের নিরাপত্তার স্বার্থেই গাড়ির ভিতর ও ডিকি পরীক্ষা করা হচ্ছে। নাকা তল্লাশি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
তাঁদের মতে, সীমান্ত এলাকায় এই ধরনের নজরদারি চললে অপরাধ কমতে পারে এবং নিরাপত্তা বাড়বে। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন কয়েকজন বাসিন্দা। তাঁদের আশা, নিয়মিত পরীক্ষা হলে চোরাচালান ও অনুপ্রবেশ কমবে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তল্লাশি ও নজরদারি চলবে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং বিএসএফের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রেখে এই তৎপরতা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।









