ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : ইরানকে ঘিরে ইজরায়েলের অন্দরমহলে এখন রীতিমতো টানাপোড়েন! নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে মতের ফাটল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। একদিকে রয়েছেন মোসাদ প্রধান রোমান গোফম্যান, যিনি মনে করছেন আর দেরি করা মানেই বিপদ ডেকে আনা। অন্যদিকে সেনাপ্রধান ইয়াল জামির এবং বিরোধী নেতা গাদি আইজেনকট চাইছেন আপাতত ধৈর্য ধরে পরিস্থিতি দেখে নিতে।
ইজরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী, গোফম্যানের সাম্প্রতিক ওয়াশিংটন সফরের লক্ষ্য ছিল ইরানবিরোধী অভিযানে ট্রাম্প প্রশাসনকে সঙ্গে পাওয়া। ইজরায়েল আমেরিকার সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপ চায়। যদিও আমেরিকা সরাসরি যুদ্ধে না জড়ায়, প্রয়োজনে ইজরায়েল একাই হামলা চালানোর বিকল্প রাখতে চান গোফম্যান। তাঁর স্পষ্ট মত, কোনো পথই বন্ধ রাখা উচিত নয়।
কেন গোফম্যানের এত তাড়া? জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াইনেট জানিয়েছে, দেরি হলে ইরান এমন সামরিক সক্ষমতা গড়ে তুলতে পারে, যা পরে ধ্বংস করা অনেক কঠিন হবে। ইরানের রাসায়নিক অস্ত্র তৈরি সংক্রান্ত প্রতিবেদন তাঁর উদ্বেগ আরও বাড়িয়েছে। এ কারণেই মোসাদ প্রধান এখনই ব্যবস্থা নেওয়ার পক্ষে।
মজার বিষয় হলো, এই অবস্থানে গোফম্যানের সঙ্গে মিলে যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাবনাও। অর্থাৎ, নিরাপত্তা মহলের একাংশ এবং রাজনৈতিক নেতৃত্বের শীর্ষে থাকা অংশ একই সুরে কথা বলছেন।
কিন্তু উল্টো সুরে রয়েছেন সেনাপ্রধান জামির ও বিরোধী নেতা আইজেনকট। তাঁরাও ইরানকে ইজরায়েলের জন্য বড় হুমকি বলেই মনে করেন, তবে হামলার আগে ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ বলে তাঁদের মত। আমেরিকাকে পাশে না রেখে একক অভিযানে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা।
ফলে ইরান ইস্যুতে ইজরায়েলের নিরাপত্তা মহল ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য এখন একেবারে স্পষ্ট। প্রতিবেদনে অবশ্য এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখনও নতুন হামলার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।









