ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: এসআইআর ট্রাইবুনালে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই ট্রাইবুনালের কাজ ছেড়ে দিয়েছেন। সম্প্রতি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুও। এই পরিস্থিতিতে ট্রাইবুনালে নিযুক্ত বিচারপতিদের মাসিক সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সাম্মানিক বাড়ানোর আর্জি জানিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিরা বেশ কিছুদিন আগেই কমিশনকে চিঠি লিখেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, পুরো মাস কাজ করার জন্য কমিশনের নির্ধারিত বেতন যথেষ্ট নয়। এক লক্ষ টাকা থেকে ৩৬ শতাংশ কর বাদ দিলে দৈনিক গড়ে প্রায় ২,২০০ টাকা থাকে। ওই টাকায় কাজ চালানো সম্ভব নয় বলেই দাবি করেছিলেন তাঁরা। সাম্মানিক দ্বিগুণ করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা।
শুক্রবার জারি করা নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ট্রাইবুনালে নিযুক্ত হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা পাবেন। অন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাসিক সাম্মানিক হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা। বর্ধিত সাম্মানিক ২০ নভেম্বর থেকে কার্যকর হবে। বিচারপতিদের সাম্মানিক এবং অন্যান্য প্রাপ্য খরচ যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়, সে জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কমিশন।
ট্রাইবুনালের কাজ ছেড়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি রঞ্জিৎ কুমার বাগ এবং প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন শিবজ্ঞানম। দূরত্বের কথা জানিয়ে ইস্তফা দেন ইন্দ্রজিৎ। তাঁর বক্তব্য ছিল, প্রতিদিন ২২ কিলোমিটার যাতায়াত করা তাঁর পক্ষে সম্ভব নয়। সম্প্রতি ট্রাইবুনালের কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসুও।









