ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: সরকারি প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে, আর তার বিনিময়ে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নীতি আয়োগ। দেশের মোট ৪৯টি জাতীয় মিশন বা সরকারি কর্মসূচির কার্যকারিতা, আর্থিক দক্ষতা এবং বাস্তব উন্নয়নের প্রভাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, জ্বালানি নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
পর্যালোচনার আওতায় রয়েছে ন্যাশনাল হেলথ মিশন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এবং স্বচ্ছ ভারত মিশনের মতো উল্লেখযোগ্য প্রকল্প।
এই ৪৯টি মিশনকে পাঁচটি বিভাগে ভাগ করে মূল্যায়ন করা হবে। শহরোন্নয়ন, জল ও পরিবেশ; কৃষি ও গ্রামীণ উন্নয়ন; ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষা; স্বাস্থ্য ও সংস্কৃতি; এবং জ্বালানি ও উদীয়মান শিল্প—এই পাঁচটি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রতিটি প্রকল্পের বাস্তব সাফল্য, অর্থের ব্যবহার, প্রশাসনিক সমস্যা এবং বিভিন্ন প্রকল্পের মধ্যে কাজের পুনরাবৃত্তি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।
নীতি আয়োগ শীঘ্রই এই মূল্যায়নের জন্য দরপত্র আহ্বান করবে। চলতি অর্থবর্ষের শেষের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাছে সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রয়োজন অনুযায়ী কোনও প্রকল্প চালু রাখা, পুনর্গঠন, একত্রিত করা কিংবা অন্য প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সুপারিশও করা হতে পারে।









