ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপে দোকানে হানা EB-র

কাকদ্বীপে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে EB ও খাদ্য দফতরের অভিযান। নলেন গুড়ের বদলে ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগে উপকরণ বাজেয়াপ্ত, দোকান বন্ধের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: জয়নগরের বিখ্যাত মোয়ার নাম ব্যবহার করে কাকদ্বীপে তৈরি হচ্ছিল নিম্নমানের ও অস্বাস্থ্যকর মোয়া! এমনই অভিযোগ ঘিরে দক্ষিণ ২৪ পরগনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে একটি মোয়া তৈরির কারখানায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। কারখানার পাশাপাশি এলাকার কয়েকটি অস্থায়ী মোয়ার দোকানেও চলে তল্লাশি।

অভিযানকারীদের দাবি, ওই কারখানায় মোয়া তৈরির সময় নকল চিটেগুড়, কৃত্রিম রং এবং একাধিক রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। উদ্ধার করা মোয়ার প্যাকেট ও বাক্সে লেখা ছিল ‘জয়নগরের মোয়া’। অথচ সেগুলি তৈরি হচ্ছিল কাকদ্বীপে। পরে বিভিন্ন দোকানে বিক্রির জন্য সরবরাহ করা হত এই মোয়া।

তল্লাশিতে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর মোয়া, নকল চিটেগুড়, রাসায়নিক এবং জয়নগরের নাম লেখা প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। এক ব্যবসায়ীর বক্তব্য অনুযায়ী, মোয়াগুলি কাকদ্বীপেই তৈরি করা হত এবং আধিকারিকরা এভাবে মোয়া তৈরি করতে নিষেধ করেছেন।

উল্লেখ্য, এর আগেই কাকদ্বীপের একটি মাংসের দোকানে পচা খাসির মাংস বিক্রির অভিযোগ সামনে আসে। প্রায় ১২০ কেজি মাংসের একটি অর্ডার ঘিরে তৈরি হয় বিতর্ক। পরপর এমন ঘটনায় এলাকার খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।