ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-কে সরাসরি প্রশ্ন মহুয়া মৈত্রের

নতুন ডিলিমিটেশন বিলের পক্ষে ডিএমকে-র ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তামিলনাড়ু বিধানসভার প্রস্তাবের শর্ত মানা হয়নি বলে তাঁর অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : নতুন ডিলিমিটেশন বিলের পক্ষে ভোট দেওয়ায় ডিএমকে-র অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, তামিলনাড়ু বিধানসভায় গৃহীত পাঁচ দফা প্রস্তাবের মধ্যে তিনটি শর্তই নতুন বিল মানছে না। তা হলে বিলের পক্ষে ভোট দিল কেন ডিএমকে, এক্স হ্যান্ডেলে এই প্রশ্ন তুলেছেন তিনি।

মহুয়ার বক্তব্য, ২০২৬ সালের ১২ অগাস্ট তামিলনাড়ু বিধানসভায় রাজ্যের লোকসভা আসন এবং প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ডিএমকে। অথচ নতুন বিল একাধিক শর্ত পূরণ করছে না বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

তাঁর মতে, ডিএমকে-র আগের অবস্থান এবং বিলের পক্ষে ভোটের মধ্যে অসঙ্গতি রয়েছে। ওই দিন তৎকালীন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের আনা প্রস্তাবে কেন্দ্রের কাছে পাঁচটি দাবি জানানো হয়। লোকসভার নির্বাচিত আসন ৫৪৩-এ স্থায়ীভাবে সীমাবদ্ধ রাখা এবং রাজ্যভিত্তিক আসন বণ্টন অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছিল। কোনও রাজ্যের সংসদীয় প্রতিনিধিত্বের আপেক্ষিক গুরুত্ব যাতে না কমে, সেই দাবিও ছিল। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার আসনের অনুপাত প্রায় ২.২:১ রাখার প্রস্তাব দেওয়া হয়।

https://x.com/MahuaMoitra/status/2126872806487203897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126872806487203897%7Ctwgr%5E6fc8803c6cf4b03f05aad3b9de5ff6f8001007ba%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fmahua-moitra-on-dmk-why-vote-in-favour-this-bill-tmc-mp-recalled-the-tamil-nadu-assembly-resolution-targeting-dmk-over-the-delimitation-bill-sanj-2979923.html

মহিলা সংরক্ষণ নিয়েও ওই প্রস্তাবে দাবি ছিল, নতুন করে ডিলিমিটেশনের অপেক্ষা না করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই বর্তমান ৫৪৩টি আসনের মধ্যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করতে হবে। রাজ্য বিধানসভাগুলিতেও একই হারে সংরক্ষণের দাবি জানানো হয়েছিল। মহুয়ার অভিযোগ, পাঁচটি শর্তের মধ্যে তিনটি নতুন বিল মানছে না। দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব, আসন বণ্টন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিতর্কের মধ্যে তাঁর পোস্টে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।