ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: ভারতের সঙ্গে ১.২ বিলিয়ন ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) কর-বিতর্কে বড় ধাক্কা খেল জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভক্সওয়াগন! নিজেদের বিরুদ্ধে ওঠা শুল্ক ফাঁকির অভিযোগ খণ্ডন করতে মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং কিয়ার মতো প্রতিদ্বন্দ্বী সংস্থার উদাহরণ দিয়েছিল তারা। কিন্তু ভক্সওয়াগনের সেই যুক্তি খারিজ করে দিয়েছে ভারতীয় কর কর্তৃপক্ষ। সরকারের দাবি, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির আমদানি পদ্ধতি সম্পর্কে ভক্সওয়াগনের দেওয়া তথ্য অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর।
বিতর্কের সূত্রপাত ২০২৪ সালে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, ভক্সওয়াগন তাদের অডি, স্কোডা এবং ভক্সওয়াগন ব্র্যান্ডের গাড়ির শত শত যন্ত্রাংশ আলাদা আলাদা চালানে ভারতে আমদানি করেছিল। এর ফলে সম্পূর্ণ গাড়ির কিটের জন্য প্রযোজ্য ৩০-৩৫ শতাংশ শুল্কের পরিবর্তে মাত্র ৫-১৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়েছিল। এই পদ্ধতি প্রায় ১২ বছর ধরে চলেছে বলে অভিযোগ।
অন্যদিকে, ভক্সওয়াগনের দাবি, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিও একই ধরনের আমদানি পদ্ধতি অনুসরণ করে। কিন্তু সরকারের বক্তব্য, আলাদা যন্ত্রাংশ আমদানি এবং সম্পূর্ণ গাড়ি তৈরির কিট আমদানির মধ্যে পার্থক্য রয়েছে। তাই দুই ধরনের আমদানিকে এক করে দেখা যায় না।
ভক্সওয়াগন অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, এই বিপুল করের বোঝা তাদের ভারতে ব্যবসা ও বিনিয়োগের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলতে পারে।
এবার মুম্বই হাইকোর্টের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা অটোমোবাইল শিল্প।









