দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে? গরমের দাপট নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকছে? তীব্র গরমের দাপট কবে কমবে? আবহাওয়া দপ্তর দিল গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আগামী দিনের পূর্বাভাস জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ দক্ষিণবঙ্গে তীব্র গরমের দাপটে না জেহাল জনজীবন। দিনের বেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, কবে স্বস্তি মিলবে? কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? এই বিষয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৬ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি তৈরি হলেও, বাংলায় বর্ষা প্রবেশ করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। আপাতত বঙ্গবাসীর সঙ্গী হবে তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। পরের কয়েকদিনও তাপমাত্রা একইরকম থাকবে, ফলে তীব্র গরম থেকে নিস্তার মিলছে না। ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তা গরম থেকে বড়সড় স্বস্তি দেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের কোথাওই সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টাতেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সেখানকার বাসিন্দাদের কিছুটা স্বস্তি দেবে।