সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি: চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তি ঘোষণা রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ সরকার সরকারি চাকরির বয়সসীমা বাড়াল। গ্রুপ A, B, C, D পদে নতুন বয়সসীমা ঘোষণা। চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তি, ১১ মে থেকে কার্যকর।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ রাজ্য সরকারের তরফে সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির বড় ঘোষণা করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষারত চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি এনেছে। বিগত কয়েক বছর ধরে সরকারি নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু যুবক-যুবতী বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন। এই বিষয়টিই গত বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সরকারি চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতিকেই এবার বাস্তব রূপ দিল রাজ্যের অর্থ দপ্তর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘এ’ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা এখন ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে আবেদন করা যাবে ৪৪ বছর পর্যন্ত। অন্যদিকে, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, যে সকল চাকরির ক্ষেত্রে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা চালু ছিল, সেখানে কোনো পরিবর্তন করা হবে না। এই নিয়ম পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও অন্যান্য সরকারি নিয়োগ ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা আরও বেশি সংখ্যক প্রার্থীর জন্য সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নতুন এই নিয়ম গত ১১ মে থেকেই কার্যকর ধরা হবে। দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষা না হওয়ায় এবং বয়সসীমা নিয়ে উদ্বেগের কারণে বহু যুবক-যুবতী চাকরির সুযোগ হারাচ্ছিলেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই নতুন প্রশাসন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা রাজ্যের কর্মসংস্থান ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।