শ্লীলতাহানির অভিযোগ , দেবালয়কে আইনি নোটিস অঙ্কিতার, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পরিচালকের

অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানি ও জোরপূর্বক চুম্বনের চেষ্টার অভিযোগ এনে আইনি নোটিস পাঠিয়েছেন। পরিচালক অভিযোগ অস্বীকার করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ টলিউডের কাস্টিং কাউচ এবং হেনস্থার বিতর্ক এবার সোশ্যাল মিডিয়ার দেওয়াল পেরিয়ে আইনি দরজায়। জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানি ও জোরপূর্বক চুম্বনের চেষ্টার মতো বিস্ফোরক অভিযোগ এনে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে অঙ্কিতা স্পষ্ট জানান, তিনি দেবালয়ের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে পরিচালককে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতি দিতে হবে, অন্যথায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

অঙ্কিতার অভিযোগ অনুযায়ী, একটি পার্টিতে দেবালয় আচমকা তাঁর হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যান এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে অঙ্কিতা নিজেকে কোনোমতে সামলে বেরিয়ে আসেন। এই ঘটনার পর কাজের ক্ষেত্রেও তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন। প্রতিবাদ করার কারণে তাঁকে রাতারাতি কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ অঙ্কিতার। অন্যদিকে, অঙ্কিতা চক্রবর্তীর এই বিস্ফোরক অভিযোগের জবাবে মুখ খুলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।

তাঁর দাবি, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেবালয় বলেন, “পুরোটাই মনে হচ্ছে সাজিয়ে জোর করে গল্প বলা।” পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে পরিচালক প্রশ্ন তোলেন, অঙ্কিতার কাছে এই সব অভিযোগের কোনো প্রমাণ আছে কি না। তিনি সাফ জানান, “উনি যা বলেছেন, তার প্রমাণ চাইব। আর আজকে সাংবাদিক বৈঠক দিয়ে উনি যা শুরু করেছেন, শেষ সাংবাদিক বৈঠকটা আমি করব।” টলিউডের অন্দরে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।