ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১২ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৩৫ জনেরও বেশি। কাসা এলাকার ধানিবারি গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, দাহানুর বাপু গ্রাম থেকে ধানিবারির দিকে যাচ্ছিল বরযাত্রীবাহী একটি গাড়ি। গুজরাট থেকে মুম্বাইগামী একটি দ্রুতগতির কন্টেনার ট্রাক সেটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বরযাত্রীবাহী গাড়িটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। বহু যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন, অনেকে আবার বাইরে ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। তারাই প্রথম আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। পরে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে জানা গেছে, বরযাত্রীবাহী গাড়িটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন, তবে স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। বরযাত্রীবাহী গাড়িটিতে অনুমোদিত ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রশাসন পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








