ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ কলকাতা পুরসভা (KMC) এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডে অবস্থিত তাঁর দুটি বাড়ির নির্মাণ সংক্রান্ত বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। পুরসভার ৪০১ ধারার অধীনে এই নোটিস জারি করা হয়েছে।
জানা গিয়েছে, কালীঘাট রোডের বাড়িটি লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। পুর কর্তৃপক্ষের নির্দেশ, অবিলম্বে এই দুটি বাড়ির অনুমোদিত বিল্ডিং প্ল্যান পুরভবনে জমা দিতে হবে। এই নোটিস পাঠানোর কারণ হিসেবে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, সম্পত্তিগুলির নির্মাণ অনুমোদিত বিল্ডিং প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা এবং কোনও অবৈধ নির্মাণ হয়েছে কিনা, তা যাচাই করাই মূল উদ্দেশ্য। যদি কোনও অনিয়ম থাকে, তবে তা নিয়মিতকরণ (regularise) করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সবকিছুর হিসেব হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়াও, কিছুদিন আগে ভোটারদের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছিল। এই পরিস্থিতিতে পুরসভার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।








