সপ্তম পে কমিশন চালু রাজ্যে: সরকারি কর্মীদের বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন

সপ্তম পে কমিশন চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। সরকারি কর্মীদের বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন, বাড়ছে বেতন। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন চালু করার অনুমোদন দিয়েছে, যা কর্মীদের বেতন কাঠামোয় এক বিরাট পরিবর্তন আনবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন সংশোধনের লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে। নতুন পে কমিশনের ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় মিষ্টিমুখও করা হয়েছে।

কর্মীদের মতে, এটি তাদের বহু প্রতীক্ষিত পাওনা ছিল, যা নতুন সরকার পূরণ করেছে। বর্তমানে কর্মীরা ‘রোপা ২০১৯’ (ষষ্ঠ বেতন কমিশন) অনুযায়ী বেতন পাচ্ছেন, যেখানে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। আশা করা হচ্ছে, সপ্তম বেতন কমিশনও একই পদ্ধতি অনুসরণ করবে। বিশেষজ্ঞদের পূর্বাভাস এবং ইউনিয়নগুলির দাবির ভিত্তিতে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯০ থেকে ৩.৬৮ পর্যন্ত হতে পারে। সপ্তম বেতন কমিশনে বেতন স্তরগুলি ১৮টি পর্যন্ত বিস্তৃত থাকবে। গ্রুপ ডি কর্মীদের বেতন ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। জুনিয়র আধিকারিক ও ইন্সপেক্টরদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। গ্রুপ এ আধিকারিকদের বেতন ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা এবং উচ্চপদস্থ আধিকারিকদের বেতন ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বেতন ছাড়াও কর্মীরা মহার্ঘ ভাতা, এইচআরএ, টিএ-র মতো অন্যান্য আর্থিক সুবিধাও পাবেন।