ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ডে ফের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে তদন্তের অনুমতি দিয়েছেন। এর ফলে ‘অভয়া’ ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগেও নতুন করে তদন্তের পথ খুলল।
গত সোমবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পোস্টে জানান, ৯ আগস্ট ২০২৪-এ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘অভয়া’র নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ED-কে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি এই পদক্ষেপকে ‘মহতী’ আখ্যা দিয়ে বলেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত আটকে রেখেছিল। কিন্তু বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, ‘অভয়া’র প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক এবং কঠোরতম শাস্তি পাক, এটাই তিনি চান। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ইডি তদন্তে সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতি, বেআইনি পার্কিং এবং নিয়ম বহির্ভূতভাবে যন্ত্রপাতি কেনার অভিযোগ সামনে এসেছিল। উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগেই আরজি কর কাণ্ডের পুনরায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি মেনেই এবার পদক্ষেপ নেওয়া হল।
এর আগে এই তদন্তের সঙ্গে যুক্ত তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হয়েছে। তাদের কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি, এই কাণ্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও পুলিশের স্ক্যানারে রয়েছে বলে জানা গেছে।








