প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসী উন্নয়ন তহবিলের টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ, রাজ্যজুড়ে তোলপাড়

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসী উন্নয়ন তহবিলের টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ। তদন্তের নির্দেশ বর্তমান সরকারের।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর থেকেই প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে। এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসী উন্নয়ন তহবিলের টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু এই অভিযোগ তুলেছেন।

তাঁর দাবি, আদিবাসী উন্নয়নের জন্য বরাদ্দ টাকা দিয়ে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল বিলি করা হয়েছে। ক্ষুদিরাম টুডু সংবাদমাধ্যমকে জানান যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিভাগ নিজের হাতে রেখেছিলেন। তিনি আরও বলেন, “ভাবতে অবাক লাগে। আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে।”

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘সবুজসাথী’ প্রকল্প চালু করেছিল, যার মাধ্যমে নবম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হত। ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের অভিযোগ, এই সাইকেল বিতরণে আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয় করা হয়েছে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু আধিকারিকদের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, দোষী প্রমাণিত হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সকল অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। তিনি জোর দিয়ে বলেন, “যেই হোন না কেন, যত বড় অফিসারই হোন না কেন, আইএএস আইপিএস চুনোপুঁটি…সবাই শাস্তি পাবে।” এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।