পেট্রোল-দুধের পর এবার পাউরুটির দামেও আগুন! একধাক্কায় কত বাড়ল প্যাকেট প্রতি?

পেট্রোল-দুধের পর এবার পাউরুটির দামেও আগুন! মুদ্রাস্ফীতির জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস। জেনে নিন কোন পাউরুটির দাম কত বাড়ল এবং এর কারণ।

Share:

 ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ মুদ্রাস্ফীতির জেরে নাজেহাল সাধারণ মানুষ। পেট্রোল, ডিজেল, দুধের পর এবার নিত্যপ্রয়োজনীয় পাউরুটির দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মুম্বইয়ের একটি সংস্থা একধাক্কায় পাউরুটির দাম প্রতি প্যাকেটে ৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, অন্যান্য পাউরুটি প্রস্তুতকারী সংস্থাগুলিও দ্রুত একই পথে হাঁটতে পারে। মডার্ন ব্রেড নামক সংস্থাটি তাদের বেসিক ভ্যারিয়েন্টের পাউরুটির দাম বৃদ্ধি করেছে, যা গত ১৬ মে থেকে কার্যকর হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এর ফলে ৪০০ গ্রাম স্যান্ডউইচ ব্রেডের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা হয়েছে। হোল হুইট ব্রেডের প্রতি প্যাকেটের দাম ৫৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা এবং মাল্টিগ্রেন ব্রেডের দাম ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়েছে। ছোট সাদা পাউরুটির দাম ২০ টাকা থেকে বেড়ে ২২ টাকা এবং ছোট ব্রাউন ব্রেডের দাম ২৮ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে। পাউরুটির এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে কাঁচামালের ক্রমবর্ধমান খরচ, প্লাস্টিকের মোড়কজাত সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ।

ভারতীয় মুদ্রার দুর্বলতার কারণে আমদানি করা প্লাস্টিকের কাঁচামালের খরচও বেড়েছে। এছাড়া পেট্রোল, ডিজেল ও সিএনজির মূল্যবৃদ্ধির জেরে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বাড়ল।