ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির আশঙ্কা করছেন। এই আশঙ্কায় তিনি তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগাম জামিনের আবেদন জমা দিয়েছেন। ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচন প্রচারের সময়।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করা হয়েছিল, যা সমাজে অশান্তি ছড়াতে পারে। এই অভিযোগের ভিত্তিতে বাগুইহাটির সমাজকর্মী রাজীব সরকার বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR রুজু করেছে। এই পরিস্থিতিতে, গ্রেফতারি এড়াতে এবং আইনি সুরক্ষা পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। তাঁর আইনজীবী অর্ক কুমার নাগ আদালতে এই আবেদন জানান। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হচ্ছে।
একুশের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলি নিয়ে তদন্তকারী সংস্থাগুলি ফের সক্রিয় হয়েছে। এই আবহে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। হাইকোর্টে এই মামলার শুনানিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন সকলের নজর থাকবে।








