ট্রেনের ভাড়া প্রায় একই, মাত্র ১৮০০ টাকায় বিমানে কলকাতা থেকে উত্তরবঙ্গ!

কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে ট্রেনের টিকিট পাচ্ছেন না? মাত্র ১৮০০ টাকায় অ্যালায়েন্স এয়ারের ফ্লাইটে পৌঁছন রূপসী বিমানবন্দর। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন গোটা বাংলা পুড়ছে, তখন ভ্রমণপ্রিয় বাঙালির মন উড়ে যায় উত্তরবঙ্গের শীতল পাহাড়ের কোলে। দার্জিলিং বা অন্যান্য মনোরম পাহাড়ি গ্রামে এই সময়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান বাধা ট্রেনের টিকিট প্রাপ্তি। অনেক সময় বিমানের টিকিটের দামও আকাশছোঁয়া থাকে, যা ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

এই পরিস্থিতিতে শহরবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে অ্যালায়েন্স এয়ার। এই বিমান সংস্থা মাত্র ১৮০০ টাকায় কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। অ্যালায়েন্স এয়ারের বিমানগুলি কলকাতা বিমানবন্দর থেকে অসম ও পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অবস্থিত রূপসী বিমানবন্দর পর্যন্ত চলে। ধুবড়ি শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সহজেই পৌঁছানো সম্ভব। যাত্রীদের অনেকেই ট্রেনের আরামদায়ক যাত্রার জন্য বন্দে ভারত এক্সিকিউটিভ চেয়ার কারে প্রায় ২৮৩৫ টাকা খরচ করেন। সেখানে মাত্র ১৮০০ টাকায় আকাশপথে যাত্রা নিঃসন্দেহে এক সাশ্রয়ী বিকল্প।

অ্যালায়েন্স এয়ারের এই পরিষেবা সপ্তাহে তিন দিন, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং রবিবার উপলব্ধ। বিমানের সময়সূচী মাঝে মধ্যে পরিবর্তিত হয়, সঠিক তথ্যের জন্য যাত্রীরা allianceair.in/book ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই নতুন পরিষেবা উত্তরবঙ্গগামী পর্যটকদের জন্য সময় ও অর্থ উভয়ই সাশ্রয়ের সুযোগ করে দিয়েছে।