আজ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু, যান নিয়ন্ত্রণ ও পরিষেবা চালুর সময়সীমা জানুন

আজ থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। যান নিয়ন্ত্রণ কবে, কতদিন চলবে? নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা কবে চালু হবে? বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ আজ থেকে শুরু হচ্ছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের আশ্বাসের পর রাজ্য সরকারের ছাড়পত্র মেলায় অবশেষে এই কাজ শুরু হতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রাত ৮টা থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে আসন্ন পুজো অথবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুই দফায় কাজ হবে। প্রথম দফায় শুক্রবার (১৫ মে) থেকে কাজ চলবে সোমবার (১৮ মে) পর্যন্ত। দ্বিতীয় দফার কাজ শুরু হবে পরের সপ্তাহের শুক্রবার (২২ মে)। ২৫ মে, অর্থাৎ সোমবার (২৫ মে) পর্যন্ত টানা কাজ হবে। মেট্রোর কাজের জন্য এই দুই দফায় শুক্র, শনি এবং রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইএম বাইপাসের উত্তর এবং দক্ষিণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকছে, ফলে সল্টলেক, সেক্টর ফাইভ কিংবা নিউটাউন যেতে অসুবিধা হবে না। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো লাইনের কাজ দীর্ঘদিন ধরেই থমকে ছিল। ইএম বাইপাসে চিংড়িঘাটা মোড়ের কাছে ৩১৬ বর্গমিটার অংশের কাজ নিয়েই যাবতীয় ঝামেলা। এই অংশ সম্প্রসারণের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখার প্রয়োজন ছিল, যা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল।

পূর্বতন রাজ্য সরকার সেই অনুমতি না দেওয়ায় এতদিন কাজ আটকে ছিল বলে অভিযোগ। এই কাজ শেষ হলে গড়িয়া থেকে চিংড়িঘাটা হয়ে সরাসরি সেক্টর ফাইভ এবং কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাতায়াত সহজ হবে। বর্তমানে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে। এই নতুন সংযোগের ফলে চিংড়িঘাটা ক্রসিংয়ের যানজট এড়িয়ে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন, যা আশপাশের এলাকার মানুষের যোগাযোগও সহজ করবে।