ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ : পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত NSQF (National Skills Qualifications Framework) শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের বঞ্চনা, এজেন্সির মাধ্যমে নিয়োগ ব্যবস্থা এবং চাকরির অনিশ্চয়তা নিয়ে ফের সরব হল United WB NSQF Teachers’ Association। সংগঠনের পক্ষ থেকে “নবান্ন ডেপুটেশন”-এর ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, গত প্রায় ১৩ বছর ধরে স্কিল শিক্ষাকে এজেন্সি ও “কাটমানি” নির্ভর ব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে, যার ফলে যোগ্য NSQF শিক্ষক-শিক্ষিকারা ন্যায্য বেতন, মর্যাদা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, স্কুল শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও এখনও এই শিক্ষাব্যবস্থাকে সরাসরি শিক্ষা দপ্তরের আওতায় আনা হয়নি।পোস্টার ও প্রচারপত্রে সংগঠনের দাবি, স্কিল শিক্ষাকে সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে এনে এজেন্সি প্রথার অবসান ঘটাতে হবে। পাশাপাশি যোগ্য NSQF শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য বেতন, প্রাপ্য মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও আরও ছাত্রবান্ধব করে তোলার আবেদন জানানো হয়েছে।
সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, তাদের উদ্দেশ্য বর্তমান সরকারকে বিরোধিতা করা নয়। বরং নতুন সরকারের সদিচ্ছা, স্বচ্ছতা ও জনমুখী উদ্যোগের মাধ্যমে বাংলার স্কিল শিক্ষার সঠিক মর্যাদা ফিরিয়ে আনার আবেদন জানানোই মূল লক্ষ্য।প্রচারপত্র অনুযায়ী, “নবান্ন ডেপুটেশন” কর্মসূচি অনুষ্ঠিত হবে ২০ মে ২০২৬, সকাল ১০টা থেকে। জমায়েতের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে নবান্ন মন্দিরতলা, হাওড়া।
এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। NSQF শিক্ষকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তারা উপেক্ষিত থেকেছেন এবং এবার স্থায়ী সমাধানের আশায় সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান।সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধানের পথ খোঁজার আবেদনও জানানো হয়েছে।








