শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

শিয়ালদা ডিভিশনে ফের বাতিল হল একাধিক ট্রেন। ২৪ মে রেলের উন্নয়নমূলক কাজের জন্য কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় বাতিল ও সংক্ষিপ্ত হল বেশ কিছু ট্রেন। বিস্তারিত তালিকা দেখুন।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রেলের উন্নয়নমূলক কাজের জেরে আগামী ২৪ মে, রবিবার, একাধিক ট্রেন বাতিল করা হবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এর ফলে শিয়ালদা-লালগোলা শাখায় নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হবে।

পূর্ব রেল সূত্রে খবর, সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর-এ এবং পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং-এর গেটে কাজ চলবে। এই কাজের জন্য আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। আগামী ২৪ মে যে সমস্ত ট্রেন বাতিল থাকবে, সেগুলি হল: ৩১৮৬১ এবং ৩১৮৬৪ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা লোকাল, ৫৩১৭৫ এবং ৫৩১৭৮ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার, এবং ৩১৭৭৩ ও ৩১৭৭৪ রাণাঘাট-লালগোলা লোকাল। এছাড়াও, বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে অথবা যাত্রা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের বদলে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।

একইভাবে, ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ১.৫০ মিনিটে দেবগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৩১৭৬৯ আপ রাণাঘাট-লালগোলা লোকাল ট্রেন দেবগ্রামে শেষ হবে এবং ৩১৭৭০ ডাউন লালগোলা-রাণাঘাট লোকাল দেবগ্রাম থেকে দুপুর ৩টেয় ছাড়বে। ৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনটি ১ ঘণ্টা দেরিতে, অর্থাৎ দুপুর ৩:৪৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।