১৫ লক্ষ টাকার বিবাদে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

১৫ লক্ষ টাকার বিবাদে অভিনেতা সোহম চক্রবর্তীকে ফোন করে প্রাণনাশের হুমকি দিলেন এক প্রযোজক। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন সোহম।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তীকে  প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রযোজকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকা অগ্রিম নিয়ে একটি বাংলা ছবিতে অভিনয় করার কথা ছিল সোহমের। সেই ছবি শেষ পর্যন্ত তৈরি হয়নি। সম্প্রতি ওই প্রযোজক সোহমকে ফোন করে অগ্রিম টাকা ফেরত চান। অভিনেতা সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় যথেষ্ট আশঙ্কায় রয়েছেন অভিনেতা ও তাঁর পরিবার।

সোহম চক্রবর্তী জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে এক প্রযোজকের নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোন ধরতেই অপরপ্রান্ত থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন ওই প্রযোজক এবং তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়। অভিনেতার দাবি, ২০১৮ সালে একটি ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৫ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। কিন্তু পরিচালক মহুয়া চক্রবর্তী প্রযোজকের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ আট বছর প্রযোজকের তরফে সোহমের সঙ্গে সেভাবে কোনও যোগাযোগ করা হয়নি।

সম্প্রতি প্রযোজক টাকা ফেরত চাইলে সোহম স্পষ্ট জানান, নিয়ম অনুযায়ী অগ্রিম নেওয়া টাকা ফেরতযোগ্য নয়, কারণ ছবি তৈরি না হওয়ার দায় অভিনেতার নয়। সোহম আরও জানিয়েছেন, এর আগেও প্রযোজক তাঁর অফিসে এসে টাকা ফেরত চেয়েছিলেন, তখনও তিনি একই কথা বলেছিলেন। রাজ্যে সরকার বদলের পর এই ধরনের হুমকি ফোন আসায় সোহম চক্রবর্তী উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, শীঘ্রই ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।