ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করেছে। গত ১৯শে মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালকের স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি মডেল মাদ্রাসা, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসাগুলিকেও এই আদেশ পালন করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ক্লাস শুরুর আগে সমাবেশ প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া আবশ্যিক। সরকারের দাবি, এই পদক্ষেপ দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে শক্তিশালী করবে। তবে, এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই নির্দেশের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন আদেশ আরোপ করা হলে তা সংঘাতের জন্ম দিতে পারে।
উল্লেখ্য, এতদিন মাদ্রাসার ছাত্রছাত্রীরা ‘জন গণ মন’ এবং কবি গোলাম মোস্তফার ‘অনন্ত অসীম প্রেমময় তুমি’ গান গাইত। মুসলিম সম্প্রদায়ের একাংশ যুক্তি দিয়েছেন যে, তাঁরা এক ঈশ্বরের উপাসনা করেন এবং তাই অন্য কারও প্রশংসা করা তাঁদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। জমিয়ত উলেমা-ই-হিন্দের মতো সংগঠনগুলি ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে। এই নতুন নির্দেশিকা রাজ্যের ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।








