ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ : সোনা পাপ্পু মামলার তদন্তে শুক্রবার সাতসকালেই কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরুপের খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা একযোগে কলকাতা ও মুর্শিদাবাদের কান্দিতে মেগা অভিযান শুরু করেছেন। কলকাতার চক্রবেড়িয়া, কসবা এবং রয়ড স্ট্রিটের পাশাপাশি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতেও চলছে তল্লাশি।
ইডি সূত্রে খবর, আজ সকাল ৬টা থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকদের পৃথক পৃথক দল শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছে যায়। দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া এলাকায় এই মামলার অন্যতম যোগসূত্র হিসেবে উঠে আসা বিশিষ্ট ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সোনা পাপ্পু মামলার কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে কোথাও খাটানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, কসবা এলাকায় কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। একজন পুলিশ অফিসারের সঙ্গে এই চক্রের কী সম্পর্ক, তা নিয়ে লালবাজারের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্য কলকাতার রয়ড স্ট্রিটের একটি নামী হোটেলেও ইডির একটি টিম অভিযান চালিয়েছে, যেখানে নির্দিষ্ট কিছু বুকিং এবং আর্থিক লেনদেনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সময়ে মুর্শিদাবাদের কান্দিতে ‘সোনা পাপ্পু’ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও ইডির একটি দল পৌঁছায়। প্রথমে বাড়ির সদর দরজা বন্ধ থাকায় আধিকারিকদের কিছুটা বেগ পেতে হয়। পরে থানায় প্রয়োজনীয় ফর্মালিটি পূরণ করে তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় বাড়িটি মুড়ে ফেলা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই চতুর্মুখী তল্লাশি পর্ব মিটলেই সোনা পাপ্পু মামলার জাল কতটা গভীরে, তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।








