ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য এল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নবান্ন থেকে সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের গোষ্ঠী বীমা প্রকল্প (GIS)-এর সেভিংস ফান্ডের নতুন সুবিধা ও সুদের হার ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই নতুন হার কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতি মাসে ১০ টাকা সাবস্ক্রিপশনের ভিত্তিতে সুদের হার ৭.১% ধার্য করা হয়েছে। বিভিন্ন সময়ের জন্য সুদের হার ৮% থেকে ১২% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা কর্মীদের সঞ্চয়ে নতুন মাত্রা যোগ করবে। তবে মৃত্যুহার সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।
এই স্মারকলিপির সঙ্গে সুবিধাদির পরিমাণ এবং সুদের হারের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে যে, তালিকায় উল্লেখিত অর্থের পরিমাণ এক ইউনিটের জন্য প্রযোজ্য এবং চূড়ান্ত অর্থ নির্ধারণের পর তা রাউন্ড অফ করা হবে। এই সুবিধা মূলত গ্রুপ-ডি কর্মীদের জন্য নির্ধারিত হলেও, উচ্চতর গ্রুপের কর্মীদের ক্ষেত্রে অনুপাত অনুযায়ী হিসাব করা হবে। এছাড়াও, চাকরি শেষ হওয়ার মাস পর্যন্ত সমস্ত সাবস্ক্রিপশন বেতন থেকে কাটা হয়েছে বলে ধরে নেওয়া হবে। যদি কোনো বকেয়া থাকে, তবে সুদসহ প্রাপ্য অর্থ থেকে তা সমন্বয় করে নেওয়া হবে। প্রত্যেক সরকারি কর্মচারী তাঁর অবসর গ্রহণের পূর্বে মৃত্যু হলে, উক্ত প্রকল্পের অধীনে প্রদেয় অর্থ পাওয়ার জন্য এক বা একাধিক ব্যক্তির অনুকূলে মনোনয়ন করতে পারবেন। এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি এনেছে।








