ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ পাঞ্জাবের পাঠানকোট সেনাঘাঁটির কাছে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভারতীয় সেনার গতিবিধি নজরদারির মাধ্যমে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলজিৎ সিং ওরফে বিট্টু নামে ওই ব্যক্তিকে পাঠানকোটের চাক ধাড়িওয়াল গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজানপুর এলাকার কাছে জাতীয় সড়ক ৪৪-এর উপর একটি সেতুর ধারে দোকানে ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। এই রাস্তা দিয়ে নিয়মিত সেনা ও আধাসামরিক বাহিনীর যান চলাচল করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই ক্যামেরার লাইভ ফিড সরাসরি পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হতো। পাঠানকোটের সিনিয়র পুলিশ অফিসার দলজিন্দর সিং ধিলোঁ জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর পুলিশ বলজিৎকে আটক করে। জেরায় সে স্বীকার করেছে, চলতি বছরের জানুয়ারি মাসে দুবাইয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নির্দেশে সে এই ক্যামেরা বসিয়েছিল এবং এর জন্য ৪০ হাজার টাকা পেয়েছিল। পুলিশ বলজিতের কাছ থেকে একটি সিসিটিভি ক্যামেরা এবং ওয়াই-ফাই রাউটার উদ্ধার করেছে। এই ঘটনায় আন্তঃসীমান্ত নেটওয়ার্কের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই মামলায় বলজিৎ সিং ছাড়াও বিক্রমজিৎ সিং ওরফে ভিক্কা, বলবিন্দর সিং ওরফে ভিকি এবং তরনপ্রীত সিং ওরফে তান্নু সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
তদন্তকারীরা পাঠানকোটকে অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে দেখছেন। জম্মুর সঙ্গে সংযোগকারী এই করিডর দিয়ে নিয়মিত সেনাবাহিনীর কনভয় যাতায়াত করে। ২০১৬ সালে এখানকার বিমানঘাঁটিতে জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তাই এই নতুন গুপ্তচরবৃত্তির অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গত মাসেও পাঞ্জাবে একই ধরনের দুটি গুপ্তচর মডিউল ভেঙে দেওয়া হয়েছিল। বর্তমান মামলার সঙ্গে পূর্ববর্তী ঘটনাগুলির কোনও যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।








