চিংড়িঘাটা মেট্রো: সপ্তাহান্তে চলবে কাজ, জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে

চিংড়িঘাটা মেট্রোর অসমাপ্ত কাজ রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলবে। জেনে নিন কোন কোন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে এবং বিকল্প পথ।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যের মসনদে পরিবর্তনের পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) অসমাপ্ত কাজ। রাজনৈতিক টালবাহানার জেরে এতদিন আটকে থাকা এই প্রকল্পের কাজ গত সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত। এই কাজের জন্য বেশ কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

জানা গিয়েছে, এই সপ্তাহে ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত কাজ করা হবে। এর আগে গত ১৫ থেকে ১৮ মে পর্যন্ত প্রথম পর্যায়ের কাজে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হয়েছিল। এই নতুন কাজের জন্য রবিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (Chingrighata Metro) দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। তবে, সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়িগুলির স্বাভাবিক পথে যাতায়াতে কোনো বাধা থাকবে না।

বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকলে সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যেতে হবে। চিংড়িঘাটা উড়ালপুলে ওঠা গাড়িগুলিকেও বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে। এই মেট্রো চালু হলে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে। এটি কবি সুভাষ মেট্রো স্টেশনের ব্লু লাইন এবং সেক্টর ফাইভের গ্রিন লাইনের সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে বেলেঘাটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং চিংড়িঘাটার যানজট কমবে বলে আশা করা হচ্ছে।