মোদীকে ঝালমুড়ি খাইয়েছিলেন, সেই বিক্রমকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি!

প্রধানমন্ত্রী মোদীকে ঝালমুড়ি খাইয়ে পরিচিতি পাওয়া বিক্রম সাউকে পাকিস্তান ও বাংলাদেশ থেকে খুনের হুমকি। ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি খাইয়ে রাতারাতি পরিচিতি পাওয়া বিক্রম সাউকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, অজ্ঞাতপরিচয় নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি বার্তা পাঠানো হয়েছে। শুধু মেসেজ নয়, ফোন এবং ভিডিও কল করেও তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে বিক্রম জানিয়েছেন। এই ঘটনায় ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিক্রম।

পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিক্রম সাউয়ের অভিযোগ, ফোনগুলি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এসেছিল। শুরুতে শুভেচ্ছা বাক্য দিয়ে কথা শুরু হলেও, তিনি উত্তর না দেওয়ায় তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা হয়েছে, “তুমি আমাদের টার্গেটে রয়েছো। তোমাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে।” এই ঘটনায় বিক্রমের গোটা পরিবার আতঙ্কিত।

পুলিশ সূত্রে খবর, পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে জনসভা করে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিক্রমের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সেই দৃশ্য মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিক্রম কার্যত সেলিব্রিটি হয়ে ওঠেন। তাঁর দোকানে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। ভোটের ফল প্রকাশের পরেও এই উন্মাদনা ছিল। বিক্রম আদতে বিহারের গয়ার বাসিন্দা হলেও দীর্ঘ বছর ধরে সপরিবার ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ায় বসবাস করছেন। তাঁর বাড়িতে বয়স্ক মা-বাবা, স্ত্রী এবং এক পুত্রসন্তান রয়েছে। স্বাভাবিক ছন্দে ফেরা বিক্রমের জীবনে এই হুমকি বার্তা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।