ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ থাইল্যান্ড ভ্রমণে ভারতীয় পর্যটকদের জন্য বড় ধাক্কা। থাই সরকার ভারতীয়দের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসা-মুক্ত সুবিধা বাতিল করেছে। এখন থেকে ভারতীয় পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশের জন্য শুধুমাত্র ১৫ দিনের ভিসা অন অ্যারাইভাল (VOA) সুবিধা মিলবে। এই সিদ্ধান্তে ভারতীয়দের থাইল্যান্ডে দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা ব্যাহত হবে। থাইল্যান্ডের মন্ত্রিসভা ২০২৬ সালের ১৯ মে নতুন ভিসা কাঠামোয় অনুমোদন দিয়েছে।
বিদেশ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, রয়্যাল গেজেটে প্রকাশের ১৫ দিন পর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নীতির মূল ভিত্তি হল ‘এক দেশ, এক ভিসা অগ্রাধিকার’, যার লক্ষ্য ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করা। পূর্বে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে থাইল্যান্ড দীর্ঘমেয়াদি ভিসা-মুক্ত প্রবেশ চালু করেছিল। কিন্তু পরে বেআইনি কাজ, অবৈধ কর্মসংস্থান, ‘নমিনি ব্যবসা’ এবং আন্তঃদেশীয় অপরাধ বৃদ্ধির আশঙ্কায় সরকার এই নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সুরাসাক ফানচারোয়নওয়ারাকুল আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, সরকার এখন শুধু পর্যটকের সংখ্যা নয়, বরং “ভাল পর্যটকে”র উপর জোর দেবে। নিরাপত্তা ও অর্থনীতির ভারসাম্য বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ৯৩টি দেশ ও অঞ্চলের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ বাতিল করা হয়েছে। ভারতীয়দের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় পরিবর্তন। ২০২৪ সালের জুলাইয়ে ভারত ৬০ দিনের ভিসা-মুক্ত তালিকায় ছিল, এমনকি অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগও ছিল। এখন সেই তালিকা থেকে ভারতকে সরিয়ে ‘ভিসা অন অ্যারাইভাল’ বিভাগে আনা হয়েছে, যেখানে সর্বাধিক ১৫ দিন থাকা যাবে। ফলে ভারতীয় পর্যটকদের থাইল্যান্ডে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে হবে।








