বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ, প্রস্তাব গ্রহণ করলেন বিধায়ক

বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে পদ পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নতুন সরকারের প্রস্তাব সানন্দেই গ্রহণ করেছেন তিনি, যা প্রশাসনিক সৌজন্যের নতুন দৃষ্টান্ত।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রস্তাব সানন্দেই গ্রহণ করেছেন তৃণমূলের এই নেতা। সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম ঐতিহ্যবাহী শিশু চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল।

এই হাসপাতালের দায়িত্ব পেয়ে কুণালবাবু জানিয়েছেন, বেলেঘাটার বিধায়ক হিসেবে হাসপাতালের ভালো-মন্দের খোঁজ রাখা ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করা তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে। প্রশাসনিক এই চিঠি পাওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছিল। নতুন সরকার কি বিরোধী দলের বিধায়ককে এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসাবে, আর কুণাল ঘোষই বা দলের লাইন মেনে তা গ্রহণ করবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে কুণাল ঘোষের দ্রুত সম্মতি প্রশাসনিক সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত দেড় দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় জেলা স্তরের প্রশাসনিক বৈঠক বা সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বিরোধী বিধায়কদের সুকৌশলে দূরে সরিয়ে রাখা হতো। কিন্তু ২০২৬ সালের পর রাজ্যে ক্ষমতাচ্যুত তৃণমূল বিরোধী আসনে বসলেও, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বিরোধী বিধায়কদেরও এলাকার উন্নয়নে সামিল করার এক ‘ব্যতিক্রমী কৌশল’ নিচ্ছেন, কুণাল ঘোষকে এই পদ দেওয়া তারই এক বড় প্রমাণ।

উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যসভার সাংসদ থাকাকালীন কুণাল ঘোষকে ‘কলকাতা টেলিফোনস’-এর উপদেষ্টা কমিটির শীর্ষ পদে বসানোর প্রস্তাব দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার। কিন্তু সেবার তিনি সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন। এবার নিজের এলাকার হাসপাতালের দায়িত্ব গ্রহণ করে কুণাল ঘোষ এক ভিন্ন বার্তা দিলেন। এখন দেখার, কুণালের পথ ধরে তৃণমূলের বাকি বিধায়করাও সরকারের এই প্রশাসনিক সৌজন্য গ্রহণ করেন কিনা। এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।