রায়গঞ্জ মেডিকেল কলেজে চাঞ্চল্য: হাসপাতালের ৪ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্তে পুলিশ

রায়গঞ্জ মেডিকেল কলেজে ৪ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু। অজ্ঞাতপরিচয় ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতা ও নিরাপত্তা গাফিলতির অভিযোগ, পুলিশি তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন এক অজ্ঞাতপরিচয় রোগীর। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গত দু’দিন ধরে হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাঁ চোখে ক্ষতের উপর ব্যান্ডেজ বাঁধা ছিল, যা থেকে অনুমান করা হচ্ছে তিনি চোখের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। শনিবার সকালে হাসপাতাল ভবনের চারতলার একটি জানালা থেকে নিচে পড়ে যান ওই রোগী।

জানা গিয়েছে, যে জানালা থেকে তিনি পড়েছেন, তার একটি পাল্লা ভাঙা ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দেহ উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়শই নিজের বেড ছেড়ে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতেন। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কীভাবে একজন রোগী হাসপাতালের চারতলা থেকে পড়ে গেলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

রায়গঞ্জ মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা গাফিলতির দিকটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।