ব্যুরো নিউজ , ২৩ মে ২০২৬ : কলকাতার পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। শনিবার বেহালা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম কোনও কর্মরত কাউন্সিলারকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সূত্রে খবর, শীলপাড়া এবং লাগোয়া এলাকার একাধিক ব্যবসায়ী সুদীপ পোল্লের বিরুদ্ধে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে দোকান ভেঙে দেওয়ার হুমকিও দিতেন কাউন্সিলার। ঠাকুরপুকুর থানায় এই অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে সুদীপ পোল্লেকে আটক করে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, সুদীপ পোল্লে বেহালা এলাকার একজন প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ২০১০ সাল থেকে তিনি টানা কাউন্সিলার নির্বাচিত হয়ে আসছেন।
সাম্প্রতিককালে বাংলার বিভিন্ন প্রান্তে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে একাধিক তৃণমূল নেতা ও কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন। বিধাননগর, দক্ষিণ দমদম, বাগুইআটি এবং তমলুক পুরসভার একাধিক কাউন্সিলার এই একই অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন। এই আবহে কলকাতার মতো গুরুত্বপূর্ণ পুরসভার একজন প্রভাবশালী কাউন্সিলারের গ্রেপ্তারিতে শাসকদলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হতে পারে বলেও সূত্রের খবর।








