অভিষেকের শান্তিনিকেতনে কলকাতা পুলিশের হানা, উদ্ধার একটি মনিটর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন'-এ কলকাতা পুলিশের বিশেষ দল। বাড়ি থেকে উদ্ধার একটি মনিটর, রহস্য ঘনাচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ :  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ কলকাতা পুলিশের একটি বিশেষ দল হানা দিয়েছে।

সূত্রের খবর, গতকাল অর্থাৎ ২৪ মে, কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশের প্রেক্ষিতে ৭ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই ১০ দিন অতিরিক্ত সময় চেয়ে চিঠি পায়। পুরসভা সেই আবেদন মঞ্জুর করে। কিন্তু এর মধ্যেই আজ বিকেলে কলকাতা পুলিশের একটি দল তাঁর বাসভবনে পৌঁছয়। অভিষেকের হরিশ মুখার্জি রোডের এই ‘শান্তিনিকেতন’ বাসভবনটি লিপস অ্যান্ড বাউন্ডস নামক একটি সংস্থার সম্পত্তি। সম্প্রতি এই সম্পত্তির অবৈধ নির্মাণ ভাঙার নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। এই ঘটনার মধ্যেই পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।

পুলিশের দলটি সাধারণ পোশাকে এবং সাদা উর্দি – দুই ধরনের পোশাকেই এসেছিল বলে জানা গেছে। তারা বাড়ি থেকে একটি মনিটর উদ্ধার করে দ্রুত গাড়িতে উঠে চলে যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।