অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য, মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে বন্দি ৩ বাংলাদেশি

মুর্শিদাবাদের লালগোলায় হোল্ডিং সেন্টারে বন্দি হল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশ রুখতে 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতিতে কড়া রাজ্য সরকার।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ :  অবৈধ অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে, তার প্রথম দৃষ্টান্ত দেখা গেল মুর্শিদাবাদের লালগোলায়। সম্প্রতি চালু হওয়া হোল্ডিং সেন্টারে বন্দি করা হয়েছে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকর হতেই এই পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশিকা জারি হয়েছিল গত ২৩ মে।

রাইটার্স বিল্ডিংসের ফরেনার্স ব্রাঞ্চ থেকে এই জরুরি নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকা জারির ৪৮ ঘণ্টার মধ্যেই লালগোলার পদ্মাভবনে তৈরি হোল্ডিং সেন্টারে তিন পুরুষ বাংলাদেশিকে রাখা হল। তাদের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে বলে জানা গেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ধরা মাত্র পুলিশ তাদের হোল্ডিং সেন্টারে পাঠাবে। এছাড়াও, জেলবন্দি বিদেশি নাগরিক যাদের আইনি জটিলতায় আটকে, তাদেরও এখানে রাখা হবে। সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি নাগরিক, যারা প্রত্যর্পণের অপেক্ষায়, তাদেরও একই জায়গায় রাখা হবে। এরপর সরকারি নিয়ম মেনে তাদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশে পুশব্যাক করার জন্য। হোল্ডিং সেন্টারের বাইরে কড়া পাহারা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি আট পাতার নির্দেশিকা জারি করেছিল, যেখানে হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়েছিল। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এই ব্যবস্থা দ্রুত কার্যকর হচ্ছে।