কলকাতা-শালিমার সরাসরি ফেরি পরিষেবা: ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে স্বপ্নপূরণের পথে?

কলকাতা-শালিমার সরাসরি ফেরি পরিষেবা চালুর সম্ভাবনা। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে নিত্যযাত্রীদের স্বপ্নপূরণের পথে। হাওড়ার চাপ কমবে, সময় বাঁচবে।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা-শালিমার সরাসরি ফেরি পরিষেবা চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই এই বহু প্রতীক্ষিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছে রেল কর্তৃপক্ষ ও নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশনের উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে শালিমারকে বিকল্প টার্মিনাল হিসেবে গড়ে তোলার কাজ চলছে জোরকদমে। এই আবহে কলকাতা থেকে সরাসরি গঙ্গা পেরিয়ে শালিমার স্টেশনে পৌঁছনোর জন্য ফেরি পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

রেল সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে শালিমার স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে একটি বড় ফেরিঘাট তৈরির আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীদের হাওড়া স্টেশন ঘুরে যাওয়ার ভোগান্তি কমবে এবং সময়ও বাঁচবে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জগপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে তাঁদের বৈঠকে এই ফেরি পরিষেবা নিয়ে আলোচনা হয়।

রেলের তরফে জানানো হয়েছে, পূর্বতন সরকার এই বিষয়ে তেমন গুরুত্ব না দেওয়ায় প্রকল্পটি আটকে ছিল। তবে রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠিত হওয়ায় এবার দ্রুত সিলমোহর মিলতে পারে বলে আশা করা হচ্ছে। নিত্যযাত্রীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই পরিষেবার দাবি জানিয়ে আসছেন। শালিমার স্টেশনের আধুনিকীকরণ এবং নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ফেরি পরিষেবা চালু হলে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ একদিকে যেমন যাত্রীদের সুবিধা দেবে, তেমনই শালিমার স্টেশনকে একটি গুরুত্বপূর্ণ রেল টার্মিনাল হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।