ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভায় ফের গণ ইস্তফার ঘটনা ঘটল। সোমবার আরও সাত জন কাউন্সিলার পদত্যাগ করলেন। এর ফলে ২১ জন কাউন্সিলারের মধ্যে মোট ১৮ জন ইস্তফা দিলেন। ইস্তফাপত্র জমা দেওয়া কাউন্সিলরদের তালিকায় রয়েছেন গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস-সহ আরও সাত জন। এই নিয়ে দু’দফায় মোট ১৮ জন কাউন্সিলার পদত্যাগ করলেন। এর আগে গত ২২ মে ১১ জন কাউন্সিলার ইস্তফা দিয়েছিলেন। তিন দিনের মধ্যেই আরও সাত জনের ইস্তফা পুরসভার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং তৃণমূলের অন্দরে অস্থিরতা বাড়িয়েছে।
গারুলিয়ার প্রাক্তন চেয়ারম্যান সুনীল সিং এই প্রসঙ্গে জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে মোট ১৮ জন পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, ২১ জন কাউন্সিলারের মধ্যে ২২ তারিখ ১১ জন ইস্তফা দিয়েছিলেন। বাকি তিন জনের মধ্যে একজন বামফ্রন্টের, একজন নির্দল এবং একজন তৃণমূলের কাউন্সিলার রয়েছেন। এই গণ ইস্তফার ফলে গারুলিয়া পুরসভার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। গোটা রাজ্য জুড়েই একের পর এক পুরসভায় গণ ইস্তফার ঘটনা সামনে আসছে। পদ্মফুলের দাপটে খড়কুটোর মতো ভেসে গিয়েছে ঘাসফুল। হাতেগোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া অধিকাংশ পুরসভাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল।
এই পরিস্থিতিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক পুরসভায় তৃণমূলের বোর্ডে ভাঙন দেখা যাচ্ছে। রাজ্য জুড়েই এই ধরনের ছবি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গারুলিয়া পুরসভার এই গণ ইস্তফা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনা তৃণমূলের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে এবং বিরোধী দলগুলি এই বিষয়টিকে শাসকদলের ব্যর্থতা হিসেবে তুলে ধরছে।








