বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক পত্নী রুজিরা

অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শুনানির সম্ভাবনা শীঘ্রই।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়ার উপর তাঁর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

জানা গেছে, গত ২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও রুজিরাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে আদালতের অন্য একটি বেঞ্চ সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করে রুজিরার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় দেশ ছাড়তে পারবেন না। মূলত এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ফের আদালতের কাছে বিদেশ ভ্রমণের অনুমতি চাইলেন অভিষেক পত্নী। বিচারপতি পার্থসারথি সেন তাঁর মামলা গ্রহণ করার অনুমতি দিয়েছেন এবং আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। এই পরিস্থিতিতে রুজিরার বিদেশ ভ্রমণের আবেদনের আড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দেশ ছাড়ার বিষয়টি জড়িয়ে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সম্প্রতি বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া এক মামলায় অভিষেককে ২৯ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে আদালত। সামগ্রিক পরিস্থিতিতে রুজিরার এই আবেদন নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।