দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, শনিবার পর্যন্ত জারি থাকবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বিহারে ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া চলবে। কমবে তাপমাত্রা।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ তীব্র গরম আর অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে দিনের বেলায় যেমন হাঁসফাঁস অবস্থা, তেমনই রাতেও স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, ফের একবার দফায় দফায় ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আগামী শনিবার পর্যন্ত।

আবহাওয়া অফিস সূত্রে খবর, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে একটি অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যা ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কলকাতাতেও বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঝড়-বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা কিছুটা স্বস্তি দেবে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।