শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণে জট কাটল, শীঘ্রই শপথগ্রহণ; তালিকায় চমকের ইঙ্গিত

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণে জট কাটল। খুব শিগগিরই রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। সম্ভাব্য তালিকায় চমক, গুরুত্ব পাবে আঞ্চলিক ও জাতিগত সমীকরণ।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে দীর্ঘ জট অবশেষে কাটল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব শিগগিরই তাঁর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চলেছেন। রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় তাঁর সঙ্গে মাত্র পাঁচজন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তারপর থেকে মন্ত্রিসভার বাকি পদগুলি ফাঁকাই ছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল।

সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মেলার পরই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সম্প্রসারণের চূড়ান্ত ধাপে হাত দিয়েছেন। প্রথম দুই সপ্তাহে তিনি ‘ফার্স্ট ইমপ্রেশন’ তৈরিতে জোর দিয়েছিলেন, যেখানে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু, ‘আয়ুষ্মান ভারত’ রূপায়ণ, একশো দিনের কাজ শুরু এবং সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগের মতো প্রতিশ্রুতিগুলি দ্রুত কার্যকর করার উপর গুরুত্ব দেওয়া হয়। দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় রাজ্য বিজেপির একাধিক পরিচিত ও হেভিওয়েট মুখ থাকতে পারে। তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ এবং শারদ্বত মুখোপাধ্যায়ের মতো নামগুলি এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে।

তবে শুধুমাত্র পরিচিতি নয়, আঞ্চলিক প্রতিনিধিত্ব, যোগ্যতা ও শিক্ষাগত মান এবং জাত-পাতের সমীকরণকে মাথায় রেখেই মন্ত্রী নির্বাচন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে স্বরাষ্ট্র দফতর-সহ মোট চারটি গুরুত্বপূর্ণ দফতর থাকবে। ২০৮ জন বিধায়কের প্রত্যাশা এবং প্রশাসনিক অভিজ্ঞতার অভাবই ছিল মন্ত্রিসভা গঠনে অন্যতম বড় চ্যালেঞ্জ।