মমতার ‘বিতর্কিত’ মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়িতে এফআইআর, তৃণমূল নেতার মন্তব্যে অস্বস্তি বাড়ল

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে এফআইআর দায়ের। তৃণমূল নেতার মন্তব্যে দলের অস্বস্তি বাড়ল। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার আইনি জটিলতায় জড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, বিগত বছরগুলিতে ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর করা একাধিক মন্তব্য উস্কানিমূলক ও আপত্তিকর ছিল। বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন।

তাঁর দাবি, ২০২৫ সালে রেড রোডের অনুষ্ঠান এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব ও হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। অভিযোগকারী জানান, পূর্বে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নেয়নি। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তৃণমূলেরই এক শীর্ষ নেতার মন্তব্য দলের অন্দরের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অত্রি শর্মা পরোক্ষভাবে মমতার মন্তব্যের সমালোচনা করে বলেন, “ক্ষমতাসীন থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করা একেবারেই উচিত হয়নি।” তাঁর এই মন্তব্যকে তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর এবং আদালতের ভর্ৎসনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।