ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ বিজেপিতে যোগ দেওয়ার পর টলিউডে কী ধরনের হেনস্থার শিকার হতে হয়েছিল, সে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, গেরুয়া শিবিরে নাম লেখানোর ‘অপরাধে’ তাঁকে টলিউডে একঘরে করে রাখা হয়েছিল। এমনকি, শুটিং ফ্লোরেও তাঁকে আলাদা ঘরে বসিয়ে রাখা হত এবং তাঁর হাতে থাকা ৪-৫টি কাজ কেড়ে নেওয়া হয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি।
লকেট চট্টোপাধ্যায় জানান, রাজনীতির ময়দানে আসার পর থেকেই তাঁকে নানা ধরনের নোংরা আক্রমণের শিকার হতে হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার নাম নিয়ে কম নোংরামি হয়নি। কল্যাণ বাবুরা আমাকে পায়ের নূপুর করে ঘোরানোর কথা বলেছিলেন।” টলিউডের একাংশের বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক বিশ্বাসের কারণে শিল্পীদের হেনস্থা করার প্রবণতা ইন্ডাস্ট্রিতে বিদ্যমান।
অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া লকেট আরও বলেন, যারা সেদিন তাঁকে একঘরে করে রেখেছিলেন, আজ তারাই আবার ফোন ও মেসেজ করছেন। সম্প্রতি চার তারিখের পর থেকে হঠাৎ করে যারা বিজেপির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লকেট। তিনি বলেন, “আমি ওই চার ঘণ্টার বিজেপিদের কাণ্ড দেখে অবাক।” দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার পর সুযোগসন্ধানীদের এমন আচরণে তিনি হতাশ। লকেটের এই মন্তব্য টলিউডের অন্দরের রাজনীতি এবং দলবাজির সমীকরণকে নতুন করে সামনে আনল।








