- ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ : দীর্ঘ বারো বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। বুধবার দিল্লির সেবাতীর্থে প্রায় পঁচিশ মিনিট ধরে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। অভিনেতা বা রাজনৈতিক নবাগত হিসেবে নয়, বরং দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন বিজয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম দিল্লি সফর, যা ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে মূলত তামিলনাড়ুর উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিষয়টিও প্রধানমন্ত্রীকে জানান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর মাধ্যমে বিজয় কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিতে চেয়েছেন।
অন্যদিকে, নেদারল্যান্ডস থেকে চোল সাম্রাজ্যের ঐতিহাসিক তাম্রলিপি ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ঐতিহ্য ও সংস্কৃতির প্রশ্নে বিজয়ের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজয় দিল্লির তামিলনাড়ু হাউসে পৌঁছন, যেখানে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্তরে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করতে থলপতি বিজয় এখন থেকেই কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। দক্ষিণ ভারতে নিজের প্রভাব আরও বাড়াতে বিজেপি যেমন নতুন সমীকরণের দিকে নজর রাখছে, তেমনই বিজয়ও জাতীয় স্তরে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন। এই বৈঠক আগামী দিনে তামিলনাড়ু ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করতে পারে।








