ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে দেশের প্রায় ৮০ কোটি মানুষ আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন। এই প্রকল্প কার্যকর করতে কেন্দ্র অতিরিক্ত ২৫ হাজার ৫৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।
সরকারের দাবি, শুধু খাদ্যসামগ্রী বিলিই নয়, দেশের গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘সার্থক-পিডিএস’ প্রকল্পের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। দরিদ্র মানুষের কাছে দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে রেশন পরিবহণ ও বণ্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারগুলির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে।
পাশাপাশি, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, অনলাইন মনিটরিং এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে গোটা রেশন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। এর ফলে খাদ্যসামগ্রী চুরি, কালোবাজারি বা দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমবে। ‘এক দেশ-এক রেশন কার্ড’ প্রকল্পকে আরও কার্যকর করতেও এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তবে কেন্দ্রের এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্র এই প্রকল্পকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে, রেশন ডিলারদের একাংশও কমিশন বৃদ্ধিতে সন্তুষ্ট নন। তাঁদের মতে, কিলোগ্রাম পিছু মাত্র ১০ পয়সা বৃদ্ধি বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত সামান্য। তা সত্ত্বেও, দেশের খাদ্য সুরক্ষা বজায় রাখতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।








