ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, সংসদের ভেতরে তাঁকে লক্ষ্য করে বারবার কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহিলা সাংসদদের প্রতিও তাঁর আচরণ শালীনতার সীমা ছাড়িয়েছে বলে দাবি করেছেন কাকলি।
স্পিকারের কাছে দ্রুত হস্তক্ষেপ ও উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। কাকলির অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে মৌখিকভাবে অপমান করেছেন এবং এই ধরনের নারীবিদ্বেষী আচরণ শুধুমাত্র তাঁর বিরুদ্ধেই নয়, বহু মহিলা সাংসদের বিরুদ্ধেও হয়েছে। এর উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন কাকলি। যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহেরই ‘আফটারশক’ এই অভিযোগ।
উল্লেখ্য, লোকসভার মুখ্য সচেতকের দায়িত্ব থেকে সরানোর পর থেকেই দলের অবস্থানের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছিল কাকলি ঘোষ দস্তিদারকে। তাঁর জায়গায় দায়িত্ব পান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দলের অন্দরে অসন্তোষের ইঙ্গিত মিলতে শুরু করে। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে ক্ষোভ উগরে দেন কাকলি। ইতিমধ্যেই দলীয় একাধিক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, তৃণমূলের অন্দরের অস্বস্তি এবার আর চাপা থাকছে না। যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।








