নিট, সিবিএসই, এসএসসি জিডি: পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের, ‘মেধার সুপরিকল্পিত ধ্বংসলীলা’!

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিট, সিবিএসই ও এসএসসি জিডি পরীক্ষার ব্যর্থতায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি একে 'মেধার সুপরিকল্পিত ধ্বংসলীলা' আখ্যা দেন।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ নিট (NEET), সিবিএসই (CBSE) এবং স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (SSC GD) কনস্টেবল নিয়োগ পরীক্ষার সাম্প্রতিক বিশৃঙ্খলা ও অব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের পরীক্ষা ব্যবস্থার ন্যূনতম সততা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি সরকার দেশের কোটি কোটি তরুণ-তরুণীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে এই পরিস্থিতিকে ‘মেধার সুপরিকল্পিত ধ্বংসলীলা’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, সিবিএসই-র খাতা মূল্যায়ন বিতর্ক এবং এসএসসি জিডি নিয়োগের চরম অব্যবস্থা দেশের যুবসমাজকে এক অন্তহীন উদ্বেগ, অনিশ্চয়তা আর চরম প্রতারণার চক্রের মধ্যে ঠেলে দিচ্ছে। অভিষেক প্রশ্ন তোলেন, যে সরকার দেশের পরীক্ষা ব্যবস্থার ন্যূনতম সততা রক্ষা করতে পারে না, তারা কোন মুখে দেশের ভবিষ্যৎ রক্ষা করার দাবি করে? তিনি অবিলম্বে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই খেলা বন্ধ করার এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে স্বাভাবিক ঘটনা হিসেবে চালানো বন্ধ করার দাবি জানান।

তাঁর কথায়, দেশের কোটি কোটি ছাত্রছাত্রী নিজেদের জীবনের সোনালি সময়টা পড়াশোনার পিছনে উজাড় করে দেয়, পরিবার জমি-জায়গা বন্ধক রেখে তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে। কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে শুধু প্রশ্ন ফাঁস, যান্ত্রিক ত্রুটি আর এক ভেঙে পড়া সিস্টেম। তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড আরও উল্লেখ করেন, লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের সন্তানরা ধারদেনা করে, শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় শুধুমাত্র একটি স্বচ্ছ ও ন্যায্য পরীক্ষা দেওয়ার আশায়। কিন্তু সার্ভার ডাউন, চূড়ান্ত বিশৃঙ্খলা এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর খামতি তাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি শাসনে পরীক্ষাগুলো দেশ গড়ার হাতিয়ার না হয়ে স্ক্যাম ও জালিয়াতির কারণে সংবাদ শিরোনামে আসছে।