ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ ট্যাংরার ৫৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ট্যাংরার সেকেন্ড লেনের ওই পার্টি অফিসের একটি আলমারি থেকে প্রায় ৩০০টি কার্ড পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটদাতাদের ভোট দেওয়া থেকে বিরত রাখতেই শাসক দল এই কার্ডগুলি আটকে রেখেছিল। বিজেপি এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভোটের আগে বহু মানুষের কাছ থেকে কার্ড সংগ্রহ করা হয়েছিল এবং এখন সব সত্যি সামনে আসছে। সৌমেন ভিকি দাস নামে এক যুবক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ভোটের আগে তাঁর আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি এই কার্যালয় থেকেই সেটি ফিরে পেয়েছেন।
স্থানীয়দের আরও দাবি, গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকে এই কার্যালয়ে কোনও তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এরপরই এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। ঘরের রং গেরুয়া করে দেওয়া হয় এবং সেখানেই রাশি রাশি কার্ডের সন্ধান মেলে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের দাবি উঠেছে।








