পশ্চিম মেদিনীপুরে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কাঠগড়ায় তৃণমূল নেতা

পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। চন্দ্রকোণার তৃণমূল নেতা উত্তম সাউয়ের বিরুদ্ধে অভিযোগ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ও তদন্ত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢোকা নিয়ে এবার শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরে। চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত উত্তম সাউ, যিনি পেশায় একজন ঠিকা কর্মী, তাঁর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা ঢুকছে বলে জানা গিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের একটি একই ধরনের ঘটনার উল্লেখ করার পরই পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা প্রকাশ্যে আসে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পের টাকা একজন পুরুষ, তাও আবার শাসকদলের নেতা, কী করে পাচ্ছেন? অবিলম্বে অভিযুক্ত নেতার কাছ থেকে টাকা ফেরত এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি। যদিও অভিযুক্ত উত্তম সাউ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি বিষয়টি জানতেন না এবং সম্প্রতি তাঁর নজরে এসেছে। তিনি আরও জানিয়েছেন, উপভোক্তার নামের জায়গায় তাঁর নাম থাকলেও, প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাঁর স্ত্রীর। এই সমস্যার সমাধানের জন্য তিনি গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে জানাবেন বলেও জানিয়েছেন।

মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিংহ দোলুই এই গোলযোগের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “এই বিষয়টি আমাদের জানা ছিল না। বিজেপির কাছে অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটা কোনও টেকনিক্যাল সমস্যা হতে পারে।” এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে খবর।