ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এবার হরিয়ানার মাটিতে ছুটবে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। এটি ভারতের পরিবহণ ব্যবস্থায় এক নতুন মাইলফলক স্থাপন করবে। এই পরিবেশবান্ধব ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম।
প্রাথমিকভাবে ১০টি কোচ নিয়ে এটি যাত্রা শুরু করবে। হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এই ট্রেন চলবে, যার ফলে শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হবে এবং পরিবেশ দূষণের কোনো আশঙ্কা থাকবে না। এই প্রযুক্তি ব্যবহার করে ভারত জার্মানি, জাপান, চিন এবং আমেরিকার মতো দেশগুলির সঙ্গে ‘এলিট’ তালিকায় যুক্ত হতে চলেছে।
রেলমন্ত্রক জানিয়েছে, ট্রেনটি যাত্রী পরিবহণ শুরু করার আগে এর রক্ষণাবেক্ষণের উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। প্রশিক্ষিত প্রযুক্তিগত সহায়করা লোকো পাইলটের সঙ্গে থাকবেন। যদিও ট্রেনটি ঠিক কবে থেকে যাত্রী পরিবহণ শুরু করবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ ভারতের সবুজ পরিবহণের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।








