অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির এলিভেশন ড্রয়িং তলব করল কলকাতা পুরসভা, বাড়ল চাপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির এলিভেশন ড্রয়িং চাইল কলকাতা পুরসভা। অবৈধ নির্মাণের অভিযোগের পর চাপ বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কলকাতা পুরসভার নজরে। তাঁর হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এর এলিভেশন ড্রয়িং চেয়ে পাঠিয়েছে পুরসভা। অবৈধ নির্মাণের অভিযোগের পর এটি অভিষেকের উপর চাপ আরও বাড়াল বলে মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, বাড়ির সামনে এবং ভিতরের নকশার মধ্যে কোনও রকম বদল করা হয়েছে কিনা, তা যাচাই করার জন্যই এই রিপোর্ট বিস্তারিত চেয়েছে পুরসভা। এর আগে অভিষেককে তাঁর ১৭টি বাড়ির বিল্ডিং নকশা জমা দিতে বলা হয়েছিল এবং ‘শান্তিনিকেতন’-এর অবৈধ কাঠামো ভেঙে ফেলার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। যদিও সাংসদ পুরসভাকে চিঠি পাঠিয়ে আরও ১০ দিনের সময় চান, যা পুরসভা মঞ্জুরও করে।

পুরসভার অভিযোগ, ওই সমস্ত ভবনে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে। সেই কারণেই এবার ‘শান্তিনিকেতন’ বাড়ির এলিভেশন ড্রয়িং জমা করতে বলা হয়েছে। পুরসভা খতিয়ে দেখবে যে, বাড়ি তৈরির আগে যে উচ্চতায় নকশা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়েছে নাকি পরে কোনও রকম বদল ঘটানো হয়েছে। গত ১৮ মে পুরসভা অভিষেককে প্রথম নোটিশ পাঠিয়েছিল। বাড়ির বেআইনি অংশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অভিষেক প্রথমে এড়িয়ে গেলেও পরে সুর নরম করতে বাধ্য হন। এই নতুন নির্দেশিকা অভিষেকের সম্পত্তি সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ করল।